বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleOctober 20, 2026
তারকা

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছন চালিউডের জনপ্রিয় চিত্রনাফিকা মৌসুমী

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিন বছর ধরে দেশটিতে থাকা এই অভিনেত্রীর দেশে আসা-যাওয়ার পথ সহজ হলেও আপাতত ফিরতে পারছেন না তিনি। অসুস্থ মায়ের দেখাশোনার দায়িত্বই এখন তাঁর দেশে ফেরার পথে বড় বাধা।

শনিবার (১৭ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানে গ্রিনকার্ড পাওয়ার সুখবর জানান মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে জটিলতা ছিল। অবশেষে তিন বছরের অপেক্ষার অবসান হওয়ায় স্বস্তি পেয়েছেন এই অভিনেত্রী।

তবে গ্রিনকার্ড পাওয়ার পরও কবে দেশে ফিরবেন, তা নিশ্চিত নয়। এ বিষয়ে মৌসুমী বলেন, “ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না।”

মায়ের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মায়ের নিয়মিত দেখাশোনা করতে হচ্ছে তাঁকে। বয়সের কারণে মা এখন আর একা চলাফেরা করতে পারেন না। কখনো নিজে হাঁটাচলা করতে পারলেও পরদিনই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। মায়ের ডিমেনশিয়াও রয়েছে বলে জানান অভিনেত্রী।

মৌসুমীর কথায়, একটা সময় মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি তিনি। এখন তাঁর পাশে থাকতে পারছেন, এটাই তাঁর কাছে বড় আনন্দের। মাকে চোখের সামনে শিশুর মতো হয়ে যেতে দেখছেন বলেও আবেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি মৌসুমী। সেখানে থাকাকালে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন তিনি। পরে সেটি বাংলাদেশে চলচ্চিত্র হিসেবে মুক্তি পায়। তবে নতুন কোনো সিনেমায় অভিনয় কিংবা নিয়মিত কাজে ফেরার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি তিনি।

মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে ফাইজা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন, আর ছেলে ফারদীন থাকেন দুবাইয়ে। ওমর সানী বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভিডিওকলে যোগাযোগ রাখেন তাঁরা।

নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই তারকার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে দেশে ফেরা কিংবা আবার নিয়মিত অভিনয়ে যুক্ত হওয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানাননি তিনি।