বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 21, 2026
ওটিটি

‘ইংলিশ লেবু’ চরিত্রে আ খ ম হাসান ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক

akhomo Hasan

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটছে। নেহাল ও আরেফিনের মতো পুরোনো চরিত্রগুলো ফিরে আসার পর এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে দেখা যাবে তাকে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে সিরিজটির নতুন এই পর্ব।

নতুন পর্ব প্রকাশের আগে প্রকাশিত পোস্টারেই আ খ ম হাসানের ভিন্নধর্মী লুক নজর কেড়েছে। তার এই নতুন সাজ ও চরিত্র নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে শুধু লুকেই পরিবর্তন নয়, গল্পের নতুন চরিত্র হিসেবেই এবার সিরিজটিতে যুক্ত হয়েছেন তিনি।

১২০ নম্বর পর্বের গল্পে দেখা যায়, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার সন্ধানে ব্যাচেলর ফ্ল্যাটে এসে হাজির হয়। আর এই ঘটনাপ্রবাহের মধ্যেই ‘ইংলিশ লেবু’ চরিত্রে আ খ ম হাসানের উপস্থিতি দেখা যাবে।

নতুন এই চরিত্রের আগমনে ব্যাচেলর ফ্ল্যাটের গল্প কোন দিকে এগোয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়। বিশেষ করে ‘ইংলিশ লেবু’ চরিত্রটি কাবিলা ও অন্যদের জীবনে কী ধরনের পরিবর্তন আনবে, তা জানতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এছাড়াও অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।